×
  • প্রকাশিত : ২০২২-০৮-১৮
  • ১০৪ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নারীদের ওয়াশরুমে এক নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম তানজিন আল আলামিন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ-সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি ও স্যার এ এফ রহমান হল সংসদের সাবেক সমাজসেবা সম্পাদক।

অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, 'গতকাল বুধবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে আমি টিএসসিতে নারীদের জন্য নির্ধারিত ওয়াশরুম ব্যবহারকালে তানজিন আল আলামিন মদ্যপ অবস্থায় ওয়াশরুমে প্রবেশ করে একটি টয়লেটের দরজা খোলা রেখে অর্ধনগ্ন হয়ে মূত্রত্যাগ করতে থাকে এবং আমার দিকে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে। আমি প্রচণ্ড ভীত ও উদ্বিগ্ন হই।  পরে আমি এবং আমার বন্ধুরা তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি তাচ্ছিল্যের সুরে কথা বলতে থাকেন। ভুল স্বীকার না করে তার সাথে থাকা আরো কয়েকজনসহ আমাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে চলে যায়। '

শিক্ষার্থী আরো বলেন, 'এমতাবস্থায় আমি তার দ্বারা হওয়া হয়রানি ও হুমকির প্রেক্ষিতে অনিরাপদবোধ করছি এবং মানসিকভাবে ভেঙে পড়েছি। এ এলাকার সিসিটিভি ফুটেজ তদারকির মাধ্যমে দোষী ব্যক্তি ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর শাস্তি চেয়ে বিচার প্রার্থনা করছি। '

এ বিষয়ে জানতে অভিযুক্ত তানজিন আল আলামিনকে একাধিকবার কল ও মেসেজ দেওয়া হলেও তার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী কালের কণ্ঠকে বলেন, 'ভুক্তভোগী শিক্ষার্থীর সাথে গতকাল (বুধবার) রাতেই আমার ফোনে কথা হয়েছে। তাকে আমি ঘটনার পূর্ণ বিবরণ ও অভিযুক্তের নাম লিখিতভাবে জমা দিতে বলেছি। এরপর যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। '

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat