×
  • প্রকাশিত : ২০২২-০৫-১৬
  • ১০৪ বার পঠিত
বাংলাদেশ যুব প্রতিনিধিদল ২০২২-এর কার্যক্রম শুরু করেছে ভারতীয় হাইকমিশন। শনিবার সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাইকমিশনে এক অনুষ্ঠানে বাংলাদেশ যুব প্রতিনিধিদল ২০২২-এর পোর্টাল ও লোগো উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। পোর্টালটি আবেদন গ্রহণের জন্য আগামী ৩০ জুন পর্যন্ত সক্রিয় থাকবে।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, দুই দেশের সম্পর্ককে আরো এগিয়ে নিতে তরুণ প্রজন্মের ভূমিকা আছে।


প্রতিবছর বাংলাদেশের ১০০ জন যুব প্রতিনিধির ভারত সফর কর্মসূচি দুই দেশের সামাজিক-সাংস্কৃতিক যোগাযোগের অন্যতম মাধ্যম।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, মুক্তিযুদ্ধের সময় ভারত এক কোটি বাংলাদেশিকে আশ্রয় দিয়েছিল। ভারত বাংলাদেশকে যেভাবে সহযোগিতা করেছে তা রক্তের অক্ষরে লেখা থাকবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক বিভিন্ন পর্যায়ে এগিয়ে যাচ্ছে। তবে মানুষে মানুষে সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার সুযোগ আছে।

সূচনা অনুষ্ঠানে বাংলাদেশ যুব প্রতিনিধিদলের প্রায় ১০০ জন সাবেক সদস্য এবং অন্যান্য ‘ইয়ুথ আইকন’  উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠান আয়োজনে ও সাংস্কৃতিক অংশে বেশ কয়েকজন সাবেক সদস্য অংশ নেন, যা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

ভারতীয় হাইকমিশন জানায়, আন্তর্জাতিক যুব বিনিময় কর্মসূচিটি ভারত ও বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত একটি যুব সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারকের অংশ। কভিড মহামারির কারণে গত দুই বছর তরুণদের জন্য এ ধরনের কোনো বিনিময় কর্মসূচি আয়োজন সম্ভব হয়নি। অবশেষে আবারও বাংলাদেশের সঙ্গে যুব বিনিময় কর্মসূচি শুরু হচ্ছে।

ভারতের অর্থনীতি, প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণের জন্য আয়োজিত এই সফরে বাংলাদেশ থেকে বিভিন্ন ক্ষেত্রের ১০০ জন তরুণ প্রতিনিধিকে নির্বাচন করা হবে।

সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে বৈচিত্র্যময় ও সেরা প্রতিভা নির্বাচন নিশ্চিত করার জন্য ভারতীয় হাইকমিশন বাংলাদেশের আটটি বিভাগে একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনপ্রক্রিয়া পরিচালনা করবে। আগের বাংলাদেশ যুব প্রতিনিধিদলের বিশিষ্ট সাবেক প্রতিনিধিরাও নির্বাচনপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবে।  

আবেদন করতে ইচ্ছুক তরুণরা ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটে [https://hcidhaka.gov.in] গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারীদের জীবনবৃত্তান্ত পূরণ করতে হবে এবং অত্যাবশ্যকীয় হিসেবে নির্মিত একটি ফেসবুক ভিডিওর লিংক শেয়ার করতে হবে। ফেসবুক ভিডিওটির দৈর্ঘ্য ১২০ সেকেন্ডের বেশি হওয়া যাবে না এবং এর মাধ্যমে আবেদনকারীরা তাদের পরিচিতির পাশাপাশি এই কর্মসূচিতে তারা কেন অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য তা তুলে ধরতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে বাংলাদেশ যুব প্রতিনিধিদলের ফেসবুক পেইজে- (https://www.facebook.com/BangladeshYouthDelegationToIndia)।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat