সোমবার (২ মার্চ) রাতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির ও আরেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট জুবায়ের বলেন, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের সংসদীয় ব্যবস্থাকে, গণতন্ত্রকে, আমাদের অর্থনীতিকে, ব্যাংকিং ব্যবস্থাকে, সবকিছুকেই তছনছ করেছিল বিগত ১৬ বৎসরের স্বৈরশাসক। একটি বৈষম্য এবং মারাত্মক ধরনের একটি ট্রমা সমস্ত বাংলাদেশের মানুষের ওপর তারা চাপিয়ে দিয়েছিল। এই অবস্থায় জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র-জনতা এবং সাধারণ মানুষের এই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক এবং ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে। গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেন। যাদের তিনটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ছিল। একটি ছিল সংস্কার, আরেকটি ছিল ফ্যাসিবাদের দোসরদের বিচার এবং একটি সুষ্ঠু গ্রহণযোগ্য জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান। ইতোমধ্যে সেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়েছে। তারা তিনটি কাজ কতটুকু করেছেন সেটা জাতির সামনে খুবই স্পষ্ট।