ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে অংশ নিয়েছেন ১১৪ জন প্রার্থী। তাদের মধ্যে জামায়াত এবং এনসিপির দুজনসহ মোট ৭৮ প্রার্থী জামানত হারিয়েছেন।
এই তালিকায় রয়েছেন— গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, বিএসপি, লেবার পার্টি, জাতীয় পার্টি, গণফোরাম, জাসদ, বাসদ (মার্কসবাদী), ইনসানিয়াত বিপ্লব, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, এনডিএম, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দলের প্রায় সব প্রার্থী। এছাড়া চট্টগ্রাম-১৬ আসনের লেয়াকত আলী ছাড়া সব স্বতন্ত্র প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। তবে জেলার দুই আসনে হারলেও বিএনপির প্রার্থীরা জামানত হারাননি।
চট্টগ্রাম জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ জানান, সংসদ নির্বাচনে অংশ নিতে প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা করে জামানত জমা দিতে হয়। কোনো প্রার্থী প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে সেই জামানত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হয়।রিটার্নিং কর্মকর্তাদের দপ্তর থেকে ঘোষিত বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, চট্টগ্রাম-১ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে জাসদের একেএম আবু ইউছুপ ২৫৮, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেরদৌস আহমদ চৌধুরী ২ হাজার ১০৮, ইনসানিয়াত বিপ্লবের রেজাউল করিম ৭৮০, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী ২৬৯ ও জাতীয় পার্টির সৈয়দ শাহাদাত হোসেন ১ হাজার ৬৫৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ০৮ জন প্রার্থীর মধ্যে বিএসপির শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ ১২ হাজার ৪১৫, ইসলামী আন্দোলনের মোহাম্মদ জুলফিকার আলী মান্নান ২ হাজার ১৬৯, জনতার দলের গোলাম নওশের আলী ৩৮০, স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আকতার ২৭০, আহমদ কবির ২৬২, গণঅধিকার পরিষদের রবিউল হাসান ২৫১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে চারজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াহেদুল মাওলা ৩০৮ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আমজাদ হোসেন ৫ হাজার ১৪৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ৯ প্রার্থীর মধ্যে গণঅধিকার পরিষদের এটিএম পারভেজ ১৬৬, গণসংহতি আন্দোলনের জাহিদুল আলম ৩০১, নেজামে ইসলাম পার্টির জাকারিয়া খালেদ ১৯৩, ইসলামী আন্দোলনের দিদারুল মাওলা ১ হাজার ৩৩৭, কমিউনিস্ট পার্টির মো. মছিউদদৌলা ৮৩৮, বাংলাদেশ সুপ্রিম পার্টির শহীদুল ইসলাম চৌধুরী ৯২৩ ও ইসলামী ফ্রন্টের সিরাজুদ্দৌলা ৭ হাজার ২৬৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ৬ প্রার্থীর মধ্যে ইসলামিক ফ্রন্টের রফিকুল ইসলাম ১২ হাজার ২২৫, ইসলামী আন্দোলনের মতি উল্লাহ নূরী ১ হাজার ৩১৯, স্বতন্ত্র প্রার্থী ইমাম উদ্দিন রিয়াদ ৮৫৭ ও লেবার পার্টির আলা উদ্দিন ২০৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।