ফিলিস্তিনের গাজার স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার আগ্রহের কড়া সমালোচনা করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেছেন, ‘এটা বিপজ্জনক।’
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া বাম ও মধ্যপন্থি তরুণদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’–এর (এনপিএ) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শহীদ মিনারে এসেছিলেন এই কবি ও চিন্তক।এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফরহাদ মজহার বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্দেশিত পথে গাজাকে ব্যবস্থাপনার জন্য একটা আন্তর্জাতিক সেনাবাহিনী করার প্রস্তাবনা হয়েছে। যেটা খলিলুর রহমান সাহেব (জাতীয় নিরাপত্তা উপদেষ্টা) ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে কথা দিয়ে এসেছেন এবং আগ্রহ প্রকাশ করে এসেছেন। এটা বিপজ্জনক।’
তিনি বলেন, ‘আমাদের মূলত খেয়াল করতে হবে, বাংলাদেশে ৫ আগস্টের পরে যে রূপান্তরটা ঘটেছে, এটা একান্তই সাম্রাজ্যবাদের স্বার্থে এবং এই পুরো উপমহাদেশের জন্য এটা ইতিবাচক নয়।’